বগুড়ায় হাসপাতালে নবজাতক চুরি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
জেলায় সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে এক নবজাতককে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত মহিলা। এ ঘটনায় গত সোমবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেন নবজাতকের পিতা। বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার গাবতলী উপজেলার জাতহলিদা গ্রামের মোস্তফা কামালের স্ত্রী শাপলা বেগম (২৫) গত রবিবার শহরের মোহাম্মদ আলী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। এরপর গত সোমবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।
জন্মের পর থেকে এই নবজাতকে তার নানী দেখাশোনা করছিলেন। নবজাতকের নানী গত সোমবার রাতে টয়লেটে গেলে অজ্ঞাত এক মহিলা বাচ্চাটিকে নিয়ে খেলার ছলে উধাও হয়ে যায়।