অযৌক্তিক আন্দোলন জাতির জন্য সহায়ক হবে না :আমু

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, বিএনপির অযৌক্তিক আন্দোলন জাতির জন্য সহায়ক হবে না। এ আন্দোলন শুধু বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র মাত্র। তত্ত্বাবধায়ক সরকারের দাবি কেউ মেনে নিবে না। তারা এ আন্দোলনের নামে দেশে একটি অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়। গতকাল মঙ্গলবার রাজধানীর এফডিসিতে চলচ্চিত্র লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত ধর্মের নামে একটি ধর্মীয় বলয় সৃষ্টি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা ধর্মীয় দলগুলোকে একত্রিত করে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। যারা পবিত্র কোরআন শরিফে আগুন দিয়ে পোড়ায় তাদের কাছে ইসলাম একটি মূল্যবান ধর্ম হতে পারে না। আমু বলেন, আজকে যারা তত্ত্বাবধায়ক চাচ্ছে তারা দেশের প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছে। কোন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি। কোন নির্বাচনে কারচুপি বা সরকারি কোন হস্তক্ষেপ হয়েছে তার প্রমাণও তারা দিতে পারবে না। সংগঠনের সভাপতি মির্জা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আকতারুজ্জামান, সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।