এবার শ্রমিকদের আন্দোলনে যোগ দিল শিশুরা

বকেয়া মজুরি প্রদান ও বকেয়া মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ে গতকাল বৃহস্পতিবার টানা ১১ দিন নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের উত্পাদন বন্ধ রেখে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। এবার শ্রমিকদের আন্দোলনে যোগ দিয়েছে তাদের পরিবারের শিশুরা। এদিকে, পাটকলগুলোতে উত্পাদন বন্ধ থাকায় প্রতিদিন ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে প্রায় ১ কোটি টাকা করে লোকসান গুনতে হচ্ছে। এ নিয়ে গত ১১ দিনে ৯টি পাটকলে প্রায় ১১ কোটি টাকার লোকসান হয়েছে।

পাটকল শ্রমিকরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনঘণ্টা তারা নগরীর মিছিল সহকারে নগরীর নতুন রাস্তা মোড়ে এসে খুলনা-যশোর মহাসড়ক ও সংলগ্ন এলাকায় রেলপথ অবরোধ করেন। অবরোধস্থলে তারা আছরের নামাজ আদায় করেন। পরে তারা ইফতার শেষে রাজপথে মাগরিবের নামাজ আদায় করে ফিরে যান। এছাড়া আলিম ও ইস্টার্ন জুট মিলের শ্রমিকরা আটরা শিল্প এলাকায় এবং যশোরের নওয়াপাড়ার রাজঘাট এলাকার যশোর জুট ইন্ডাস্ট্রি (জেজেআই) ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা একই কর্মসূচি পালন করেছে । পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, আগামী ১৯ মের মধ্যে যদি অর্থ পরিশোধ করা না হয় তাহলে ২০ মে ঢাকায় জরুরি সভা ডেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আর ২০ মে পর্যন্ত বর্তমান কর্মসূচি চলবে।