দেবোত্তর সম্পত্তি আইন বাতিলের দাবিতে দুই ঘণ্টা শাহবাগ অবরোধ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৯
দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইনকে হিন্দুশাস্ত্র বিরোধী বলে অভিহিত করে তা বাতিলের দাবিতে ২ ঘন্টা রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে হিন্দু সমপ্রদায়। মঠ, মন্দির ও দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার জাতীয় কমিটি গতকাল মঙ্গলবার বিকালে এ অবরোধের ডাক দিলে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ মোড়ে এ অবরোধ কর্মসূচি চলে। এ সময় পুরো শাহবাগ এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
কমিটির আহ্বায়ক সত্য রঞ্জন বাড়ৈ বলেন, আমরা মন্দির রক্ষার জন্য আইন চাই। কিন্তু মন্দির গ্রাস করতে সরকার আইন করেছে। আমরা দেবোত্তর সম্পত্তির পুনরুদ্ধারে আইন চাই। পরে অবরোধকারীরা এ সংক্রান্ত স্মারকলিপি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় পুলিশ বাধা দিলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলেও পরে পরিস্থিতি শান্ত হয়।