দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান মজীনার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৩
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সংলাপে বসার জন্য দুই নেত্রীকে চিঠি দিয়েছেন। আমি মনে করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপ প্রয়োজন। যত দ্রুত সম্ভব সংলাপে বসার জন্য তিনি দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত এই আহ্বান জানান। এসময় তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্দো-প্যাসিফিক বাণিজ্যের স্বপ্ন দেখেন। আর বাংলাদেশ হচ্ছে ‘ঈশ্বরের আশীর্বাদপুষ্ট’ এমন একটা জায়গা যার মধ্য দিয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্য সম্ভব। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশ। বাংলাদেশের অর্থনীতিতে ব্রাহ্মণবাড়িয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ দেশের নারীরাও ‘নতুন বাংলাদেশ’ গড়ার জন্য কাজ করছেন।
মার্কিন রাষ্ট্রদূত বেলা আড়াইটার দিকে আখাউড়া স্থলবন্দরে পৌঁছলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত আশুগঞ্জ সারকারখানা, তাপ-বিদ্যুত্ কেন্দ্র ও আশুগঞ্জ নৌবন্দর ও বাংলাদেশ গ্যাস ফিল্ডের ২নং কূপ এলাকা পরিদর্শন করেন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এসে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার ও পুলিশ সুপার মো. মনিরুজ্জামান-এর সাথে মতবিনিময় করেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে সাক্ষাত্ করেন। এছাড়া খান ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দেন।
এসময় মার্কিন রাষ্ট্রদূতের সাথে ছিলেন তার স্ত্রী গ্রেস মজীনা, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা এন্ড্রি কটন, লুবাইন চৌধুরী, প্রেস বিভাগের কর্মকর্তা শাহনেওয়াজ মুহসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ সাল্লাল প্রমুখ।