সরকার ড. ইউনূসকে হেনস্থা করতে উঠেপড়ে লেগেছে

অবৈধ আয় ও কর ফাঁকির অভিযোগে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মন্ত্রীসভার প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুঃখজনক’ অ্যাখ্যায়িত করেছেন জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এরশাদ বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস শুধু নিজেকেই নন, দেশকেও বিশ্ব দরবারে সম্মানিত করেছেন। গোটা বিশ্ব তাকে সম্মানের চোখে দেখে। অথচ, তার নিজ দেশের সরকার তাকে হেনস্তা করা, অসম্মান করা এবং অপমানিত করার জন্য উঠেপড়ে লেগেছে। এই আচরণে বিশ্বের কাছে গোটা জাতির মাথা হেট হচ্ছে।’ তিনি বলেন, ‘ড. ইউনূস সেই ব্যক্তি যিনি ক্ষুদ্রঋণ প্রকল্প প্রবর্তনের মাধ্যমে দারিদ্র্য নিরসনের পথ উন্মুক্ত করেছেন। ফলে তিনি কেবল দেশেই নন, আন্তর্জাতিক অঙ্গনেও গ্রামীণ ব্যাংককে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ড. ইউনূসের বিরুদ্ধে সরকারের আক্রোশমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, নোবেল বিজয়ীর বিরুদ্ধে মন্ত্রিসভার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এই আচরণে বিশ্বের কাছে গোটা জাতির মাথা হেট হচ্ছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, ড. ইউনূসের প্রতি হিংসামূলক আচরণ বন্ধ করে তাকে যথাযথ সম্মান দেয়া হোক। তিনি আমাদের গর্বিত সন্তান। তার মতো ব্যক্তিত্ব হতে পারতেন গোটা জাতির বিশেষ দূত। তিনি শুধু দেশের জন্যই সম্মান অর্জন নয়, জাতীয় স্বার্থ আদায়ের ব্যাপারেও দায়িত্ব পালন করতে পারতেন।’