লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলা

লন্ডনে এটিএন বাংলার একটি লাইভ প্রোগ্রামে যোগ দিতে গিয়ে দুই যুবকের হামলার শিকার হয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ঘটনার প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী জানান, তার কণ্ঠরোধ করার জন্যই এ হামলা চালানো হয়েছে। তথ্যমন্ত্রী লন্ডনে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ২৫ মিনিটে তথ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজ হক রিনা আর খানিকটা দূরে বসা ছিলেন হাইকমিশনের প্রোটোকল অফিসার ইসমাইল হোসেন ও হাইকমিশনের গাড়ি চালক মালেক। ঐ অনুষ্ঠানের উপস্থাপক বুলবুল হাসান ইত্তেফাকের লন্ডন প্রতিনিধিকে জানান, রাত ১১টার ‘মুক্তসংলাপ’ অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী এটিএন বাংলা ইউকে অফিসে পৌঁছান। দুই যুবক মন্ত্রীর সাথে ছবি তোলার জন্য অনুরোধ করেন। তাদের প্রস্তাবে উঠে দাঁড়াতেই মন্ত্রীর ওপর হামলা চালায় তারা। এ সময় মন্ত্রীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও লাঞ্ছিত হন। ইসমাইল ও মালেক মন্ত্রীকে রক্ষায় ছুটে আসেন। কিন্তু খুব দ্রুত হামলাকরীরা দৌঁড়ে পালিয়ে যায়। বুলবুল আরো জানান, হামলাকারী দুইজন হলেও তাদের সহযোগী হিসাবে আরো ৪/৫ জন বাইরে ছিল। অনুষ্ঠানে মন্ত্রী সরাসরি দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। লন্ডন পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্য নিয়ে যায়। তারা হামলাকারী দুইজনের চেহারা চিহ্নিত করতে সক্ষম হয়েছে। হামলাকারীরা বাংলাদেশি এবং ভাড়াটে বলে ধারণা করেছে লন্ডন পুলিশ। খবর পেয়ে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েসসহ স্থানীয় জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ‘কোন ভয়ভীতির কাছে মাথানত করব না’ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু গতকাল রাতে ইত্তেফাককে জানান, তার কণ্ঠ স্তব্ধ করার উদ্দেশ্যে তার ওপর এই রাজনৈতিক ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। কারণ তিনি দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, তেঁতুলতত্ত্ব, জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। আর এ কারণেই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। তবে এভাবে হামলা চালিয়ে আমার কণ্ঠরোধ করা যাবে না। তিনি বলেন, ইংল্যান্ডের মত দেশের মাটিতে যারা গণতন্ত্রের ধার ধারে না তারা যতই হামলা করুক না কেন কোন ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না তিনি। তিনি রাজনৈতিক অবস্থানে অটল ও অনড় থাকবেন। লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ ই-কমার্স মেলা উপলক্ষে তথ্যমন্ত্রী লন্ডন সফরে রয়েছেন। হামলার পরেও দিনের বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেন। আজ বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে। হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, তারা এ ঘটনা সম্পর্কে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হবে বলে ঐ কর্মকর্তা আশা প্রকাশ করেন। এদিকে তথ্য মন্ত্রণালয় জানায়, লন্ডনে দুই যুবকের অনুরোধে তাদের সঙ্গে ছবি তোলার অনুমতি দিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী লন্ডনে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।