ক্যাটরিনার হালচাল
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:১২
গত বছরের দিওয়ালি উত্সবে মুক্তি পেয়েছিল ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জব তক হ্যায় জান’ ছবিটি। এরপর চলতি বছরে ‘বোম্বে টকিজ’ ছবিতে তাকে নিজের ভূমিকায় অর্থাত্ বলিউডের একজন সুপারস্টার অভিনেত্রীর চরিত্রে ক্যাটরিনারূপে দেখা গেছে অল্প কিছু সময়ের জন্য। কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ছবির সমন্বয়ে তৈরি হয়েছিল ‘বোম্বে টকিজ’ ছবিটি। ‘জব তক হ্যায় জান’ এরপর দীর্ঘ প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমায় তাকে নায়িকা চরিত্রে দেখা যায়নি এই সময়ের মধ্যে। আগামী ডিসেম্বরের ২০ তারিখে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এক প্রতীক্ষিত ‘ধুম থ্রি’ ছবিটি। এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা। আমির খান ‘ধুম থ্রি’ ছবিতে প্রতিনায়কের চরিত্রে অভিনয় করছেন প্রথমবারের মতো। তার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। আমির খানের বিপরীতে ক্যাটরিনার এটাই প্রথম অভিনয়। স্বাভাবিকভাবে তাদের প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করাটা বলিউডে তো বটেই কোটি কোটি সিনেমা দর্শকের মনে আলোড়ন তুলেছে। জানা গেছে ‘ধুম থ্রি’ ছবিতে ভিলেনরূপী আমির খানের সঙ্গিনীরূপে ক্যাটরিনা রোমান্টিক নারীর ইমেজে নয়, বরং দুধর্ষ এক মারকুটে নারীরূপে পর্দায় আসছেন। তার চোখ ধাঁধানো স্ট্যান্ট আর অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের চমকিত করবে। এতদিন দর্শক তাকে বিভিন্ন ছবিতে দেখে আসছেন তার চেয়ে সম্পূর্ণ ভিন্নভাবে দেখবেন মুক্তি প্রতীক্ষিত ‘ধুম থ্রি’-তে।
সম্প্রতি বিশ্বখ্যাত এফএইচএম ম্যাগাজিন পাঠকদের জরিপের ভিত্তিতে ২০১৩ সালের সবচেয়ে আবেদনময়ী নারী হিসেবে বিবেচিত হয়েছেন ক্যাটরিনা কাইফ। তাদের সেপ্টেম্বর সংখ্যায় পৃথিবীর সেরা ১০০ আবেদনময়ী নারীর তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে ক্যাটরিনা। এই তালিকায় দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ফ্রিদা পিন্টোর মতো সুন্দরীরাও রয়েছেন। তাদের সবাইকে পেছনে ফেলে ক্যাটরিনা শীর্ষ অবস্থানটি দখল করেছেন। এর আগে আরও চারবার তিনি সেরা আবেদনময়ী নারীরূপে বিবেচিত হয়েছেন বিভিন্ন জরিপে। বর্তমানে ‘ধুম থ্রি’ ছাড়াও ক্যাটরিনা ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং করছেন। এ ছবিতে দ্বিতীয়বারের মতো ঋত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ক্যাট। এর আগে তাদের দু’জনকে একসঙ্গে রোমান্টিক জুটি হিসেবে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে দেখা গিয়েছিল। রোমান্টিক অ্যাকশন ধাঁচের হিন্দি ছবি ‘ব্যাং ব্যাং’ মুক্তি পাবে আগামী বছর। এ ছাড়া বর্তমানে ক্যাটরিনার হাতে আর কোনো নতুন ছবি নেই। বলিউড বোদ্ধারা ক্যাটরিনার ফিল্মি ক্যারিয়ারের ভবিষ্যত্ নিয়ে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছেন হালে, তাদের ধারণা ২০১৪-২০১৫ সালের মধ্যে ক্যাটরিনার আর দু-একটি ছবি ব্যবসা সফল হতে পারে। এরমধ্যে ‘ধুম থ্রি’, ‘ব্যাং ব্যাং’ ছবিগুলো রয়েছে। তার ক্যারিয়ারে উত্তরণের সম্ভাবনা খুবই কম বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন। আইটেম সঙ আর কয়েকটি মাঝারি মানের চলচ্চিত্র কাজ করার অফার পেলেও তার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এ বছর বলিউডের বক্স অফিসে দীপিকা পাড়ুকোনের জয়জয়কার চলছে। এরইমধ্যে তার অভিনীত তিনটি সিনেমা ‘রেস টু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য লাভ করেছে। প্রতিটি ছবি শত কোটি রুপি ব্যবসা করায় বলিউডে এখন দীপিকার জয়জয়কার। তাকেই বলিউডের শীর্ষ অভিনেত্রী ভাবা হচ্ছে। এ বছরেই দীপিকা অভিনীত আরও একটি আলোচিত ছবি ‘রামলীলা’ মুক্তি পাবে। একই বছরে পরপর এতগুলো ব্লকবাস্টার সিনেমার সাফল্য দীপিকাকে সমসাময়িক অন্যান্য নায়িকার চেয়ে অনেক এগিয়ে রেখেছে। তেমন প্রেক্ষাপটে ক্যাটরিনা তার আগের শীর্ষ অবস্থানটি দীপিকার কাছে হারিয়ে ফেলেছেন। এ ছাড়া নতুন নায়িকা সোনাক্ষি সিনহা, পরিণীতি চোপড়া, সোনম কাপুররা বেশ এগিয়ে গেছেন এরইমধ্যে।
ক্যাটরিনা কাইফকে ব্যবসামনা অভিনেত্রী হিসেবে চিহ্নিত করেছেন কেউ কেউ। কেবলমাত্র ব্যবসাসফল ছবিতে কাজ করার জন্য তিনি সালমান খান, শাহরুখ খান ও আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘এক থা টাইগার’, ‘জাব তক হ্যায় জান’ এবং ‘ধুম থ্রি’ ছবিগুলো করেছেন। সালমান খানের সঙ্গে তার দারুণ ঘনিষ্ঠতা ছিল একসময়। তখন তাকে সালমানের প্রেমিকা হিসেবে চিনতেন অনেকেই। ‘এক থা টাইগার’ ছবিতে অভিনয়ের সময় তাদের পুরোনো সম্পর্ক আবার বেশ জমে উঠেছিল। তবে এখন আর তা নেই। এখন ক্যাটরিনা মেতে আছেন এই সময়ের জনপ্রিয় নায়ক রণবীর কাপুরকে নিয়ে। ক্যাটরিনা নাকি তাকে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন তেমন খবর ছড়িয়েছে এর মধ্যে। আর তাই বলা যায়, ক্যাটরিনা কাপুর পরিবারের বউ হওয়ার স্বপ্নে বিভোর এখন। ক্যাটরিনারা বেশ অনেকগুলো বোন রয়েছে পরিবারে। একে একে সব বোনের বিয়ে দিয়েছেন ক্যাট নিজেই। দেখতে দেখতে বয়স তো কম হলো না। বিয়ের জন্য এখনই দারুণ সময়। অতএব এই মোক্ষম সময়ে বিয়ের কাজটা সারতে চাইছেন ক্যাটরিনা কাইফ।