তুরস্কে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস

তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারায় প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। এসময় পুলিশের অভিযানে এক আন্দোলনকারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দিনের প্রথমভাগে ওই আন্দোলনকারীর মৃত্যু হয়। জানা গেছে, পুলিশ প্রতিবাদকারীদের ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে যেতে বাধা দেয়। সামপ্রতিক সময়ে সরকারবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে এই স্কোয়ারটি। ইস্তাম্বুলে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে অসংখ্য পুলিশ জলকামান নিয়ে অভিযান চালায়। এরপর কাঁদানে গ্যাস ছোঁড়ে। পাশাপাশি রাজধানী আঙ্কারার কেন্দ্রীয় অঞ্চলে কিজিলে স্কয়ারে এক হাজারেরও বেশি মানুষ জড়ো হয়। কিন্তু এরপরই পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে ও জলকামান ব্যবহার করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সিএনএন-এর তুরস্কের প্রতিনিধি জানিয়েছেন,দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতে প্রদেশে ২২ বছর বয়সী আহমেত আতাকানের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানেও প্রতিবাদকারীরা সমবেত হয়েছিলেন। মঙ্গলবার সকালে আতাকান দেশটির প্রধানমন্ত্রী এরদোগানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মারা যান। তবে আতাকানের মৃত্যু নিয়ে বিভ্রান্তি রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে মাথায় আঘাত পাওয়ার কারণে সে মারা গেছে আর পুলিশ দাবি করছে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, চলতি বছর তুরস্কে সরকারবিরোধী বড় ধরনের আন্দোলন হলেও সরকার বেশ কঠোরভাবেই সেটি মোকাবিলা করে সামাল দিতে সক্ষম হয়। কিন্তু এরপরও ছোট পরিসরে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।