দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ অস্ত্রধারী দুর্বৃত্তকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০ সিনিয়র সহকারী পরিচালক এএসপি খন্দকার ফজলে রাব্বি। গ্রেফতারকৃতরা হলেন শাহাদাত হোসেন প্রকাশ সাদ্দাম, রতন, সমীর ও সুমন (২২)। র্যাব-১০ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের গেন্ডারিয়ায় বিদেশ ফেরত আব্দুল হালিমের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ৭/৮ জন সশস্ত্র দুর্বৃত্ত ঐ এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে পিস্তল ২টি, ম্যাগাজিন ২টি, গুলি ৪ রাউন্ড এ্যামুনেশন ও ৩টি ধারালো চাকু জব্দ করা হয়।