জবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ১৩ সেপ্টেম্বর। টেলিটক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যাবে ২৩ নভেম্বর পর্যন্ত। এবার সার্ভিস চার্জসহ মোট তিনশ’ পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে। কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের অবশ্যই আবেদনের সময় কোটা উল্লেখ করতে হবে। পরবর্তীতে কোটায় অন্তর্ভুক্তির জন্য কোন আবেদন বিবেচনা করা হবে না। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ নভেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিট, ৮ নভেম্বর শুক্রবার ‘বি’ ইউনিট, ১৫ নভেম্বর শুক্রবার ‘সি’ ইউনিট, ২২ নভেম্বর শুক্রবার ‘এ’ ইউনিট এবং ২৩ নভেম্বর শনিবার ‘ই’ ইউনিট। সকল ভর্তি পরীক্ষা বিকাল ৩.০০টা থেকে ৪.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।