বিশ্বজিত্ হত্যা মামলায় আরো দুইজনের সাক্ষ্য

বিশ্বজিত্ দাস হত্যা মামলায় আরো দুইজনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষীরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডেপুটি রেজিস্ট্রার রেজাউল করিম ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ শাহীন আরা লাইলী। মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রভুক্ত ১২ ছাত্রের কাগজপত্র চাইলে রেজাউল করিম তা সরবরাহ করেছিলেন বলে তিনি জবানবন্দিতে বলেন। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক সাক্ষীদের সাক্ষ্য নেন। একইসঙ্গে আগামী ১২ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এ নিয়ে মামলার অভিযোগপত্রভুক্ত ৬০ জনের মধ্যে ২৮ জনের সাক্ষ্য শেষ হল।