পানিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে চাঁদা দাবি
পটুয়াখালীতে যুবক গ্রেফতার
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৩
অবশেষে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের কাছে চাঁদা দাবি করার অভিযোগ তুহিন মাহমুদ (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। জেলা সদরের শান্তিবাগ এলাকা থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। মোবাইলে তিনি ফোন করে প্রতিমন্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তুহিন তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে জেলা শহরের কলেজ রোডের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় বাস করছে।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক মেহেদি সাংবাদিকদের জানান, প্রযুক্তির সাহায্য নিয়ে গত সোমবার রাতে তুহিনের অবস্থান সনাক্ত করা হয়। এ ঘটনায় জেলা সদর থানায় একটি জিডিতে তাকে অভিযুক্ত করে মন্ত্রীর কাছে চাঁদা দাবির কথা উল্লেখ করা হয়েছে। এদিকে মন্ত্রী তাকে অহেতুক ফাঁসাচ্ছেন বলে তুহিন সাংবাদিকদের কাছে দাবি করেন।