সিরাজগঞ্জে পল্লীবিদ্যুত্ সমিতির গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন

সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতি রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের প্রত্যন্ত খর্দদৌলতপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সুইচ টিপে দীর্ঘদিনের অন্ধকার কবলিত গ্রামে বিদ্যুতের আলো জ্বালিয়ে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির (সিপবিস) সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিপবিসের ভুঁইয়াগাতী জোনাল অফিসের ডিজিএম মো. নিয়াজ উদ্দিন, এলাকা পরিচালক আরিফ হোসেন, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা শাখার আওয়ামী লীগ নেতা জিন্নাহ আলমাজি, আব্দুল হক, শরিফুল আলম, সঞ্জিত কুমার কর্মকার, শেখ শহীদুল ইসলাম, ছাইদুল ইসলাম চাঁন, শফিকুল ইসলাম ঝন্টু প্রমুখ। গ্রাম বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় ঐ গ্রামের ৬২টি পরিবার বিদ্যুত্ সংযোগ পেল। চলতি মাসেই উপজেলার আরো ১০টি গ্রামের সাড়ে ৬শ’ পরিবার এবং আরো ৪ হাজার পরিবার এই বছরেই বিদ্যুত্ সরবরাহ পাবে বলে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ জানান।