চাঁদপুরকে মাদক ও ইভটিজিং মুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশে মডেল সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরকে মাদক ও ইভটিজিং মুক্ত করতে প্রথমবারের মত সচেতনতা বৃদ্ধিমূলক দ্বিতীয় দিনেও ব্যাপক প্রচারাভিযান হয়েছে। সোমবার সকালে শহরের আক্কাছ আলী উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর হাসান সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে মাদক ও ইভটিজিংকে না বলার জন্য শপথগ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আক্কাছ আলী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গোফরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ। বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠনক জীবন কানাই চক্রবর্তী ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। অপরদিকে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরী, কমিউনিটি পুলিশিং জেলা সভাপতি ডা. এস.এম. শহিদ উল্যাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ। এসব অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক ও ইভটিজিং প্রতিরোধ করবো, সন্ধ্যায় পড়ার টেবিলে বসবো এই শ্লোগানে প্রতিজ্ঞাবদ্ধ হয়।