রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতবুধবার স্থানীয় সময় বিকালে লন্ডন পৌঁছেছেন। তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিত্সার জন্য ১১ দিনের লন্ডন ও জার্মানি সফরে আছেন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) লন্ডনের স্থানীয় সময় বুধবার বিকাল ৩টা ৫১ মিনিটের দিকে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। বাংলাদেশে ফেরার আগে রাষ্ট্রপতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাবেন। এর আগে গতকাল বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে জাতীয় পতাকাবাহী বিমানটি হজরত শাহজালাল (রহ) বিমানবন্দর ত্যাগ করে।
শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশ ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম, মুখ্যসচিব মো. নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের প্রধান পরিদর্শক এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এর আগে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ গত বছরের জুলাই মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। আবদুল হামিদ দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। রাষ্ট্রপতি ২৬ মে দেশে ফিরবেন।