গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ দিল চিকিত্সক

গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পল্লী চিকিত্সক মোয়াজ্জেম হোসেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চারদিন মৃত্যুর সাথে লড়াই করে গত মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ঐ চিকিত্সক হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের বাসিন্দা। জানা যায়, গত এক সপ্তাহ আগে উপজেলার জাংগই গ্রামের এক গৃহবধূকে স্থানীয় কয়েক বখাটে উত্ত্যক্ত করার সময় ঐ পল্লী চিকিত্সক প্রতিবাদ করেন। এতে ঐ বখাটেরা তাকে দেখে নেয়ার হুমকি দেয়। গত শুক্রবার রাতে একদল দুষ্কৃতকারী ঐ চিকিত্সকের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি মারা যান।