বাংলাদেশে আইপিএল?

আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের কারণে আবারো একবার দেশের বাইরে অনুষ্ঠিত হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। একই কারণে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০৯ সালের এ টি-টোয়েন্টি ইভেন্ট আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্থানীয় ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী আগামী বছর প্রথম দিকে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের কারণে দুই মাসব্যাপী এ টুর্নামেন্টের পুরোটাই কিংবা একটা অংশ বিশেষ বাংলাদেশ অথবা শ্রীলংকায় আয়োজন করা হতে পারে। প্রতিবছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এ সময়েই অনুষ্ঠিত হওয়ার কথা সাধারণ নির্বাচন। তাই নির্বাচন এবং আইপিএল ২০১৪ দৈবক্রমে একই সঙ্গে পড়ে গেলে এমন বিকল্পের কথা বিবেচনা করছে বিসিসিআই। যদিওবা এখন পর্যন্ত সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। বিসিসিআই’র এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ‘লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার পরই আসল চিত্র পাওয়া যাবে। তারিখ ঘোষণার আগ পর্যন্ত আমরা কিছু ম্যাচ ভারতে এবং এরপর কিছু ম্যাচ দেশের বাইরে আয়োজনের কথা বিবেচনা করছি। বাংলাদেশ ও শ্রীলংকা উভয় দেশই অল্প সময়ের পথ। সুতরাং যৌক্তিক কারণেই তাতে খুব বেশি সমস্যা হবে না।’ -বাসস