সাবেকদের মিলনমেলা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
চলতি বছরের শেষে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সাবেক খেলোয়াড়দের মিলনমেলা। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড়দের নিয়ে টুয়েন্টি টুয়েন্টি ফরম্যাটে ওয়ার্ল্ড মাস্টার্স সিরিজ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ক্যারিবীয়নদের স্থানীয় একটি ক্রিকেট সংগঠন। ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি।
অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা খেলোয়াড়রা। অবসরের পর কেউ টিভির ধারাভাষ্যে আছেন, আবার কেউ ঘরোয়া ক্রিকেটে খেলছেন, আবার কেউ-বা ক্রিকেট থেকে দূরেই আছেন। তবে তাদের আবারো ২২ গজে একত্রিত হতে দেখা যাবে চলতি বছরের শেষের দিকে।
ইতোমধ্যে অবসরে যাওয়া এমন খেলোয়াড়দের নিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়ার্ল্ড মাস্টার্স সিরিজ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ক্যারিবীয়দের স্থানীয় একটি ক্রিকেট সংগঠন। তারা জানায়, ‘ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) সফল আয়োজনের ফলে আমরা সাবেক খেলোয়াড়দের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী নভেম্বরের শুরুতে এটি অনুষ্ঠিত হবে। যদি এই টুর্নামেন্টটিও সাফল্যের মুখ দেখে তবে তা প্রতিবছরই আয়োজন করা হবে।’
টুর্নামেন্টটি আয়োজনের জন্য ইতোমধ্যে সবধরনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে আয়োজকরা। বেশ কিছু খেলোয়াড়দের সাথে যোগাযোগও করেছে বলে জানায় তারা, ‘আমরা ইতোমধ্যে অনেক খেলোয়াড়ের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বস্তও করেছে। এরমধ্যে আছে পাকিস্তানের ইনজামাম উল হক, শোয়েব আকতার, ভারতের রাহুল দ্রাবিড়, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, ইংল্যান্ডের গ্রায়েম হিক ছাড়া আরো অনেকে।’
এছাড়াও ঐ টুর্নামেন্টে অংশগ্রহণের নিশ্চিয়তা পাওয়ায় বেশ কয়েকটি দলের ছোট তালিকাও জানিয়েছে আয়োজকরা। পাকিস্তানের দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে- ইনজামাম, শোয়েব আকতার, মোহাম্মদ ইউসুফ, সাকলাইন মুশতাক, মুশতাক আহমেদ, আসিফ মুজতবা, রানা নাভেদুল হাসান, রশিদ লতিফ, সাব্বির আহমেদ, অসিম কামাল, ইয়াসির হামিদ, আরশাদ খান।
তবে টুর্নামেন্টে অংশ নেবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও এখন পুরোপুরিভাবে নিশ্চয়তা দেননি মইন খান, ওয়াকার ইউনুস, সাইদ আনোয়ার ও আজহার মেহমুদ।
ভারতের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন- রাহুল দ্রাবিড়, রবিন সিং, রাহুল সাগুই, অমিয় খুরাশিয়া, প্রবিন আমরে, নরেন্দ্র হিরওয়ানি, হারবিন্দার সিং, বিজয় দাহিয়া, ইকবাল সিদ্দিকি, আবি কুরুবিল¬া, গগন খোদা ও সদাগোপন রমেশ।
ওয়েস্ট ইন্ডিজের মাঠে নামবেন- লারা, কার্ল হুপার, কোর্টনি ওয়ালশ, কার্টলি এমব্রোস, গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ফ্লোইড রেইফার, ভাসবার্ট ডার্কস, কোর্টনি ব্রাউন, কলিস কিং, ইজরা মসলি, স্টুয়ার্ট উইলিয়াম ও পেড্রো কলিন্স।
ইংল্যান্ডের জার্সি গায়ে দেখা যাবে- পল কলিংউড, গ্রাহাম হিক, পল নিক্সন, গ¬াডস্টোন স্মল, নিল ফেলাব্রেদার, ফিল ডিফ্রিটাস, ডেভন ম্যালকম, ডিন হেডলি, জন ইমব্রুরি, গে¬ন চ্যাপেল, ম্যাথু মেনার্ড ও ক্রিস স্কোফিল্ড।
-বাসস