দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ওয়াল্টনের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই বলে জানালেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র তারকা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পথিকৃত্ ইলিয়াস কাঞ্চন এ ঘোষণা দেন। এ সময় ইলিয়াস কাঞ্চন তার সঙ্গে ওয়াল্টন গ্রুপ এবং প্রতিষ্ঠানটির উত্পাদিত কোনো পণ্যের সঙ্গে সম্পর্ক নেই বলে জানান। ২০০৫ সাল থেকে ‘ওয়াল্টন’ গ্রুপের সঙ্গে ছিলেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি ওয়াল্টনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। মূলত ওয়াল্টনের সঙ্গে যুক্ত হয়েছিলাম তাদের একটি কথায়। তারা বলেছিল ওয়াল্টন মানে নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই মানে ওয়াল্টন। যে কারণে আমি তাদের কথায় অনুপ্রাণিত হই। কিন্তু ৩/৪ বছর ধরে ওয়াল্টন শো রুম উদ্বোধনে তাকে আর ডাকা হচ্ছে না। যে কারণে সমাবেশের মাধ্যমে জনগণকে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন বন্ধ হয়ে যায়। তাছাড়া ওয়াল্টনের সঙ্গে ‘নিরাপদ সড়ক চাই’য়ের একটা যৌথপ্রজেক্ট ছিল। প্রজেক্টটি হলো—এসএসসি পাস দরিদ্র বেকারদের গাড়িচালক হিসেবে তৈরি করে বিনা ফিতে লাইসেন্স করিয়ে দিয়ে কর্মক্ষম করা। কিন্তু এসব আয়োজন ওয়াল্টন বন্ধ করে দিয়েছে। বিষয়টি আমাকে মর্মাহত করেছে। ফলে তাদের সঙ্গে আমার আর সম্পর্ক থাকছে না।