নিরপেক্ষ নির্বাচন করতে ইসি প্রস্তুত :ইইউ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে মনে করছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্যরা। একইসঙ্গে নির্বাচনের জন্য কমিশনের নেয়া প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে ইইউ। বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে ৮ সদস্যর ইইউ প্রতিনিধি দলের নেতা উইলিয়াম হানা এসব কথা বলেন। বৈঠকে ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরিস্থিতি পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব দেয়া হয়। জবাবে সিইসি তাদের বলেছেন, এটা কমিশনের নয়, সরকারের ব্যাপার। তবে তফসিল ঘোষণার পর বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। অন্যদিকে বৈঠক শেষে রাজনৈতিক সমঝোতা প্রশ্নে সিইসি বলেন, সব দলকে নিয়ে সমঝোতার উদ্যোগ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সেখানে অনেক বিচক্ষণ ও সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন। এসব ব্যক্তি জনগণের চাওয়া-পাওয়া (পালস) বোঝেন। আমরা তো রেফারি। ওইসব বিষয়ে আমাদের না জড়ানোই ভাল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।
গতকাল সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের পক্ষে সিইসি ছাড়াও ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, ইইউ প্রতিনিধি দলে উইলিয়াম হানা ছাড়াও তার ৪ সফরসঙ্গী ও ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে ৩ জন উপস্থিত ছিলেন। গত ২৭ আগস্ট প্রভাবশালী বিদেশি রাষ্ট্রদূত ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মতো গতকালের বৈঠকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হন তারা। সবদলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের উপর জোরদেন অতিথিরা। এ বৈঠকে চারজন নির্বাচন কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়নি।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানা বলেন, ‘কমিশন তাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানিয়েছে। কমিশনের সার্বিক বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠাবো। এর ওপর ভিত্তি করে আগামী নির্বাচনে কত সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে হবে সে বিষয়ে কার্যালয় সিদ্ধান্ত নেবে।
উইলিয়াম হানা বলেন, একটি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে কমিশনের যেসব কারিগরি প্রস্তুতি থাকা প্রয়োজন তা এই কমিশনের আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানা বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বর্তমানে তাদের কার্যক্রম যে গতিতে চলছে তাতে এখনো নির্বাচনের যে কদিন বাকি আছে এর মধ্যে তারা সব সেরে ফেলতে পারবেন।
প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য ইইউ কোন পদক্ষেপ নিবে কি-না এমন প্রশ্নের সরাসরি কোন উত্তর না দিয়ে ইউলিয়াম হানা বলেন, কীভাবে নির্বাচন আয়োজন করা হয়, কীভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা যায়- তা নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, আগামী নির্বাচনে ইইউ থেকে পর্যবেক্ষকদের বড় একটি দল আসবে।