একতরফা নির্বাচন মেনে নেয়া হবে না

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, একতরফা নির্বাচন মেনে নেয়া হবে না। দেশ আজ গভীর সংকটে। সবাইকে জেগে উঠে বাংলাদেশকে পরিচালনা করতে হবে। অবাধ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। তিনি বলেন, এখন আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে লুটেরা সুবিধাবাদীরা আর বিএনপি জন্মলগ্ন থেকেই লুটেরা। নৌকা সরিয়ে ধানের শীষ এনে কোন লাভ হবে না। এ দুটি দলের মধ্যে একটি আপদ আরেকটি বিপদ। তাই জনগণকে ঐক্যবদ্ধভাবে বিকল্প বাম শক্তির পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল অশ্বিনী কুমার হল চত্বরে সিপিবি-বাসদ আয়োজিত জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম প্রধান অতিথির বক্তৃতা করেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন একে আজাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বজলুর রশিদ ফিরোজ, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, প্রকৌশলী ইমরান হাবিব রুমন, আব্দুল মান্নান, মোতালেব মোল্লা, এডভোকেট দিলীপ গাইন, শাহাবুদ্দিন মাস্টার ও ডাঃ মনীষা চক্রবর্তী প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের সংকটময় মুহূর্তে বিএনপি মদদ যোগাচ্ছে আর আওয়ামী লীগ নানান কৌশল করছে। নৌকা ও ধানের শীষের পরিবর্তে আগামী নির্বাচনে কাস্তে মার্কাকে রায় দেয়াই হবে এদেশের গরীব-দুঃখী মানুষের মুক্তির উপায়।