সংবিধান সংশোধন না হলে রাজপথে ফয়সালা

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, আমাদের পরিষ্কার বার্তা হচ্ছে সংবিধান সংশোধন করা হোক বা না হোক আগামী সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে। সরকার যদি সংবিধান সংশোধন না করে তাহলে রাজপথেই ফয়সালা হবে। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশনেত্রীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য জনগণ প্রস্তুত রয়েছে। খালেদা জিয়া ডাক দিলেই তারা রাজপথে নামবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইতিহাস সম্পর্কে তিনি বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানে এরশাদ পদত্যাগের ঘোষণা দেয়ার পর উপ রাষ্ট্রপতির পদ থেকে আমি পদত্যাগ করি। এরপর প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়। এ ব্যবস্থা তো সংবিধানের কোথাও লেখা ছিলো না। একমাত্র জনগণের দাবির মুখে তা করতে হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪-১৯৯৫ সালে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিঠি দিয়ে বলেছিলেন, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবেন না। সে সময় সংবিধানে নির্দলীয় সরকারের বিধান না থাকলেও বিএনপি তা সংযোজন করেছিল। জনগণ হচ্ছে সংবিধানের ঊর্ধ্বে। সংবিধান ছাড়া অনেক কিছু হয়েছে, এগুলো হলো তার উদাহরণ। সভায় সভাপতিত্ব করেন জিসাস সভাপতি আবুল হাশেম রানা।