ড্রোন মোতায়েনের বিষয়ে আমার কাছে সরকারি কোন তথ্য নেই

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন বলেছেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয় ড্রোন মোতায়েনের বিষয়ে তার কাছে কোন সরকারি তথ্য নেই। বিষয়টি তিনি পত্রিকায় পড়েছেন। তবে সীমান্তের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এ কথা উল্লেখ করে তিনি বলেন, এটি নিশ্চিত করতে হলে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, বিজিবি ও বিএসএফ প্রধানসহ সরকারি পর্যায়ে আলোচনা করতে হবে। গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশি বা ভারতীয় কোন দেশের নাগরিক হত্যাই কাম্য নয়। গত দুই তিন বছরে সীমান্ত হত্যা অনেক কমে এসেছে। তাছাড়া সীমান্ত হত্যা কমিয়ে আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে এটি করতে হলে দুই দেশকে যৌথভাবে সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। এ সময় ঢাকাস্থ হাই কমিশনের কাউন্সিলর চন্দ্রিমা রায়, ফার্স্ট সেক্রেটারী বিজয় সিলভার্স ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়াজ্জউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে একটি আন্ত:মন্ত্রণালয় সভায় যোগ দিতে পঙ্কজ শরন ভারতের ত্রিপুরায় যান। এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়াজ্জেমউদ্দিন জানিয়েছেন, তারা এসেছেন বন্দরের অবকাঠামো পর্যবেক্ষণ করতে। ভবিষ্যতে বন্দরের অবকাঠামো সুবিধা বাড়ানো যাবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন।