দিল্লি গণধর্ষণ মামলার আদেশ আগামীকাল
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৫
ভারতের দিল্লির গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত চার আসামির সাজার রায় আগামীকাল শুক্রবার ঘোষণা করা হবে। মামলার প্রসিকিউটর এধরনের অপরাধকে ক্ষমার অযোগ্য ঘোষণা করে মৃত্যুদণ্ড দাবি করেছেন। খবর এনডিটিভির।
অপরাধীদের আইনজীবী প্রাণদণ্ড না দেয়ার আবেদন জানিয়ে বলেছেন, যেহেতু ওদের বয়স কম তাই যেন ক্ষমা করে দেয়া হয়। এদিকে অভিযুক্ত মুকেশ সিংয়ের আইনজীবীর আনা স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ খারিজ করে দেন বিচারক। সিন্দে ওই চারজনের ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন। আদালত কক্ষে দাঁড়িয়ে সরকারপক্ষের আইনজীবী বলেন, এই ৪ অভিযুক্ত যে ঘটনা ঘটিয়েছে তা বিরল। এই অপরাধকে পূর্বপরিকল্পিত বলেও জানালেন তিনি। এর আগে মঙ্গলবার এ মামলায় অভিযুক্ত প্রাপ্তবয়স্ক ৪ আসামিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি দ্রুত বিচার আদালত। গতকাল বুধবার তাদের সাজা ঘোষণার কথা ছিল। এই মামলার বিচার চলাকালীন আদালতে মোট ১৩০টি শুনানি হয়েছে। দোষী সাব্যস্ত ৪ আসামি বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন ও মুকেশ। সরকারপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, দোষী সাব্যস্ত হওয়ায় এদের মৃত্যুদণ্ড হতে পারে। আদালত সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাসহ ১১টি অভিযোগ প্রমাণিত হয়েছে। বিনয়, অক্ষয় ও মুকেশের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
গত ১৬ ডিসেম্বর ২৩ বছর বয়সী প্যারা-মেডিক্যাল ছাত্রী এক পুরুষ বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার সময়ে দক্ষিণ দিল্লির একটি বাসস্টপ থেকে তাদের ভুল বুঝিয়ে বাসে উঠিয়ে নেন যাত্রী সেজে বসে থাকা অভিযুক্তরা। পুরুষ বন্ধুটিকে মারধর করে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ ও পাশবিক অত্যাচার করে তারা। এরপর দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যায় ওই তরুণী।