বিএফইউজের সম্মেলনে ঢাবি ভিসি

সাংবাদিক হত্যার সুবিচার হওয়া উচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে যে সব সাংবাদিক নিহত হয়েছেন-এইসব হত্যাকাণ্ডের সুবিচার হওয়া উচিত। তিনি বলেন, সাংবাদিকতা যদি সুস্থভাবে পরিচালিত হয় তা হলে দেশ সুস্থ থাকে, গণতন্ত্র সুস্থ থাকে এবং জাতিও সুস্থ থাকে। তিনি গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহিদুল আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সভাপতি হাসান মিল্লাত, যশোর সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাজ্জাদ গনি খান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওহেদুল আলম আর্টিস্ট প্রমুখ। অধ্যাপক সিদ্দিক বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাংবাদিক মানিক সাহা, হুমায়ন কবীর বালু, দিপংকর চক্রবর্তী নিহত হয়েছেন। যার বিচার বা শাস্তি এখনো হয় নি। এসব ঘটনার দ্রুত বিচার ও শাস্তির ব্যবস্থা করা দরকার। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা চাই, কারণ গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র বিকাশ হয় না। তবে তা হতে হবে সঠিক ও বস্তুনিষ্ঠ। মিথ্যাচার ও অপসাংবাদিকতার স্বাধীনতা চাই না। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শুধু সরকারের কাছে চাই না, বিরোধী দল ও সকল রাজনৈতিক দলের কাছে গণমাধ্যমের স্বাধীনতা চাই। বর্তমান সরকার গণমাধ্যমের যথেষ্ট স্বাধীনতা দিয়েছে।