বাংলাদেশ-ভারত বন্দি-বিনিময় মন্ত্রিপরিষদে অনুমোদনের পর: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বাংলাদেশের সাথে ভারতের বন্দি-বিনিময় চুক্তি হলেও এখনো বন্দি-বিনিময় শুরু হয়নি। চুক্তিটি বাংলাদেশে মন্ত্রিপরিষদ অনুমোদন করার পরই বন্দি-বিনিময় শুরু হবে।’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হলে মন্ত্রী প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ তথ্য জানান। বিকাল ৫টা পাঁচ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। প্রথম কার্যদিবসে বিরোধীদল সংসদে যোগদান করেনি। নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত বন্দি-বিনিময় চুক্তি গত ২৮ জানুয়ারি স্বাক্ষরিত হয়। ভারত ইতিমধ্যে চুক্তিটি অনুস্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার কর্তৃক অনুসমর্থনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চুক্তিটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়েরর জন্য পাঠানো হয়েছে। ভেটিংয়ের পর তা অনুস্বাক্ষরের জন্য মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদের অনুমোদনের পরই দুই দেশের মধ্যে বন্দি-বিনিময় শুরু হবে। এ দিকে, বিরোধীদল সূত্রে জানা গেছে—সংসদে যোগদান করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল কিন্তু প্রথম কার্যদিবসটি যেহেতু বেসরকারি সদস্য দিবস এবং অধিবেশন শুরুর পর মুলতবি হয়ে যাবে তাই কোনো কথা বলা যাবে না। সে কারণেই বিরোধীদল প্রথম দিন যোগদান না করার সিদ্ধান্ত নেয়।