সংস্কৃতি-সংবাদ

অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন নিয়াজ জামান অনন্যা সাহিত্য পুরস্কার ২০১২ পাচ্ছেন বিশিষ্ট লেখক অধ্যাপক নিয়াজ জামান। বাংলাদেশের অন্যতম পাক্ষিক পত্রিকা অনন্যা প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে। বাংলা সাহিত্যে অবদানের জন্য নারীদের সৃষ্টিশীল লেখনীকে অনুপ্রাণিত করার জন্যই অনন্যার এ প্রয়াস। কথাসাহিত্যিক নিয়াজ জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৮১-৮৩ সাল পর্যন্ত তিনি শিক্ষাবিষয়ক অ্যাটাশে হিসেবে ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসে অধিভুক্ত ছিলেন। নিউএজ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রখ্যাত নারী লেখকদের বেশকিছু গ্রন্থও ইংরেজিতে অনুবাদ করেছেন। তিনি ‘গাঁথা’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন, যা বাংলা ও ইংরেজি মাধ্যমের নারী লেখকদের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। ১৮ বছর ধরে অনন্যা, সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য, লেখকদের এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। ০০০ স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তিসন্ধ্যা গত ২৭ অক্টোবর বিকেল ৫টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলা একাডেমীর উদ্যোগে কবিতা ও আবৃত্তিসন্ধ্যার আয়োজন করা হয়। বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কবিতা পাঠের আসরে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা ও বাংলা একাডেমীর মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এরপর শুরু হয় কবিতা ও আবৃত্তি। বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, রফিক আজাদ, মহাদেব সাহা, মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, মুহাম্মদ সামাদ, আলম তালুকদার, আসলাম সানী ও মাসুদ পথিক। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে অংশবিশেষ পাঠ করেন আশরাফুল আলম। আবৃত্তি করেন শাহাদাত্ হেসেন নিপু, বেলায়েত হোসেন ও লায়লা আফরোজ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুহিতা সুলতানা। বঙ্গবন্ধুর ওপর জাপানি পরিচালকের একটি প্রামাণ্যচিত্র দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।