আজ বাসের আগাম টিকিট বিক্রি শুরু

আজ শুক্রবার সকালে ঈদুল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। রাজধানীর গাবতলী ও আশপাশ এলাকার কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি করা হবে। গত দুই বছরের মতো এবারও ঈদযাত্রায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া থাকছে।  চাহিদা অনুযায়ী এবার বিভিন্ন রুটে নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে।

অপরদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে মোট সাতদিন পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, লঞ্চমালিকেরা আমাদের আশ্বস্ত করেছেন ঈদের সময় তারা অতিরিক্ত যাত্রী বহন করবেন না। এ বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা একটি আনন্দপূর্ণ ঈদ উদযাপন করতে চাই।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট ও কলাবাগান এলাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি হবে। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ বিক্রি চলবে। তবে আমরা প্রত্যেকটি গাড়ির দুটি টিকিট হাতে রেখে বাকি সব টিকিট বিক্রি করে দেবো।

উল্লেখ্য, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল- এ চারটি বিভাগের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের টিকিট বিক্রি হয় রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকা থেকে।