কোল্ডস্টোরে রাখা আলু ফেরত নিচ্ছে না ব্যবসায়ীরা

আলুর ব্যাপক দরপতনে চাষি, ব্যবসায়ী ও কোল্ডস্টোরের মালিকেরা মহাসংকটে পড়েছেন। অনেকে এবার পুঁজি হারাবেন। এর নেতিবাচক প্রভাব পড়বে আগামী বছরে আলু চাষের উপর। আলু চাষি ও ব্যবসায়ীরা কোল্ডস্টোরে রাখা আলু ডেলিভারি নিচ্ছেন না। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের খাদ্যশস্য উইং এর পরিচালক অনিল চন্দ্র সরকার জানান, গত মৌসুমে (২০১২-২০১৩) দেশে ৪ লাখ ৪৪ হাজার হেক্টরে আলু চাষ হয়। আলু উত্পাদনের পরিমাণ ছিল ৮৬ লাখ ৩ হাজার টন। মুন্সিগঞ্জের বড় আলু ব্যবসায়ী আব্দুল আলি জানান, মৌসুমে নতুন আলু উঠার পর লাল আলু প্রতি বস্তার (৮৪ কেজি) দাম ছিল সাড়ে ৯শ’ ২০ টাকা থেকে সাড়ে ৯শ’ টাকার মধ্যে। একখানা বস্তার দাম ৭০ টাকা ও কোল্ডস্টোর পর্যন্ত পৌঁছতে ব্যয় ছিল ৬০ টাকা। এর সাথে কোল্ডস্টোর ভাড়া ৩শ’ ২০ টাকা। এক বস্তা আলু কেনা থেকে কোল্ডস্টোরে রাখাসহ মোট ব্যয় হয়েছে ১৪শ’ টাকা। এখন প্রতি বস্তা বিক্রি হচ্ছে সাড়ে ৫শ’ টাকা থেকে ৬শ’ টাকায়। প্রতি বস্তায় লোকসান হচ্ছে ৮শ’ টাকা বলে তিনি জানান। প্রতি একশ’ বস্তায় ৭৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা লোকসান হচ্ছে। অনেক চাষি ও ব্যবসায়ী কোল্ডস্টোরে আলু রেখে এখন বিপদে পড়েছেন। তারা আলু ডেলিভারি নিচ্ছেন না। কোল্ডাস্টোরের মালিকগণ আলু ডেলিভারি নেয়ার জন্য নোটিস পাঠাচ্ছেন। কিন্তু সাড়া মিলছে না বলে তিনি জানান। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু কিনে কোল্ডস্টোরে রেখেছেন তাদের অবস্থা আরো করুণ। নোটিস দেয়ার পরও আলু ডেলিভারি না হওয়ায় কোল্ডস্টোরের মালিকেরা আলু বিক্রি করে দিচ্ছেন বলে মাহবুবুর রহমান বাচ্চু আরো জানান। ঝিনাইদহ সদর উপজেলার আলু চাষি আলতাফ হোসেন জানান, ২ হাজার বস্তা আলু কোল্ডস্টোরে রেখেছেন। স্টোর ভাড়াসহ প্রতি বস্তার খরচ পড়েছে ১২শ’ ২০ টাকা। এখন ৬শ’ টাকা বস্তা বিক্রি হচ্ছে। বস্তা প্রতি ৬শ’ টাকার উপরে লোকসান হচ্ছে। ১৮ লাখ টাকার আলু রেখেছেন। ৭ লাখ টাকা ঋণ নিয়েছেন। আলু বিক্রি করে ঋণ পরিশোধ হবে না। তাই তিনি আলু ডেলিভারি নিচ্ছেন না। বাংলাদেশ কোল্ডস্টোর এ্যাসোসিয়েশনের সভাপতি মেজর (অব) জসিম বলেন, দেশে মোট কোল্ডস্টোরের সংখ্যা ৪শ’ ৫টি। ২৮টি স্টোর বন্ধ আছে। ৩শ’ ৭৭টি কোল্ডস্টোরে ৪২ লাখ টন আলু মজুত করা হয়। তিনি জানান, এ পর্যন্ত শতকরা ২০ ভাগ আলু কোল্ডস্টোরগুলো থেকে বিক্রি হয়েছে। অর্থাত্ সাড়ে ৮ লাখ টন বিক্রি হয়েছে। এখনও ৩৩ লাখ টন আলু মজুত আছে। তিনি জানান, এবার ১৫ থেকে ২০ লাখ টন আলু অবিক্রীত থেকে যাবে।