‘বিশ্বের এক-তৃতীয়াংশ খাদ্যই অপচয় হয়’
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৪
বিশ্বে মোট উত্পাদিত খাদ্যের এক-তৃতীয়াংশই বছরে অপচয় হয়। অথচ এগুলোর যদি যথার্থ সদ্ব্যবহার করা যেত তাহলে দারিদ্র্যের করাল গ্রাস থেকে অনেক মানুষকে মুক্ত করা সম্ভব হতো। বুধবার জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) এ তথ্য জানায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংস্থাটি জানায়, এ পৃথিবীতে ৮৭ কোটি মানুষ প্রতিদিন খেতে পায় না। ক্ষুধার জ্বালা কী কেবল যারা ভুক্তভোগী তারাই এর ভালো বলতে পারবেন। অথচ আমাদের একটু সচেতনতা এ বিশ্বকে পুরোপুরি না হলেও অনেকাংশে ক্ষুধামুক্ত করতে পারে। সংস্থাটি জানায়, বছরে এ অপচয়কৃত খাদ্যের মূল্য ৭৫০ বিলিয়ন ডলার। তবে এ অপচয়ের মধ্যে মাছ এবং সামুদ্রিক খাবারের দাম অন্তর্ভুক্ত নেই। ফাও’র মহাপরিচালক জোসে গ্রাজিয়ানো ডা সিলভা ওইদিন এক সংবাদ সম্মেলনে বলেন, যে পরিমাণ খাদ্য নষ্ট হচ্ছে তা সুইজারল্যান্ডের বাত্সরিক উত্পাদনের সমতুল্য। খাদ্যের এমন অপচয় রোধের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, প্রতিদিন যেখানে ৮৭ কোটি মানুষ ক্ষুধা নিয়ে বেঁচে থাকে, স্রেফ ভুল কিছু কাজের জন্য আমরা এ বিপুল পরিমাণ খাদ্যের অপচয় হতে দিতে পারি না। রোমভিত্তিক ওই সংস্থাটি আরো জানায়, বছরে সবচেয়ে বেশি খাদ্যের অপচয় হয় চীনে।
এশিয়ার দুটি দেশও এই তালিকায় রয়েছে। সেগুলো হলো: জাপান ও দক্ষিণ কোরিয়া। মূলত উত্পাদনের সময়ই এসব দেশে প্রচুর খাদ্যের অপচয় হয়। এছাড়া উন্নত দেশগুলোতে প্রয়োজনের অতিরিক্ত কেনার কারণে এমনটি হয় বলেও জানানো হয়েছে। সংস্থাটি বলেছে এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে বিশ্বজুড়ে বিপর্যয়ের আশঙ্কাকে উড়িয়ে দেয়া যায় না।