চিকিত্সাশেষে দেশে ফিরেছেন সোনিয়া গান্ধী

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী যুক্তরাষ্ট্রে নিয়মিত শারীরিক পরীক্ষা শেষে দেশে ফিরছেন। বুধবার সকালে তার দিল্লি পৌঁছানোর কথা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে। মেয়ে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ২ সেপ্টেম্বর সোনিয়া চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন। ভারতীয় পার্লামেন্টের দীর্ঘ অধিবেশনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়ার পর তিনি চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিডি নিউজ ২০১১ সালে অগাস্টে যুক্তরাষ্ট্রে সোনিয়ার অস্ত্রোপচার করা হয়। ২০১২ সালের সেপ্টেম্বরেও তিনি চিকিত্সার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি আবারও গিয়েছিলেন বলে পিটিআই জানিয়েছে। কংগ্রেস সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা সম্পর্কে কঠোর গোপনীয়তা অবলম্বন করে থাকে। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ২০১১ সালে সোনিয়া নিউইয়র্কের স্লোয়ান-ক্যাটারিং হাসাপাতালে ক্যান্সারের চিকিত্সা নিয়েছেন।