প্রার্থনার জন্য উত্তরখণ্ডের মন্দিরটি খুলে দেয়া হয়েছে
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৫
ভারতের উত্তরখণ্ডে বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হিন্দু ধর্মাম্বলীদের বিখ্যাত কেদারানাথ মন্দির প্রার্থনার জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে। রুদ্রপ্রায়াগ জেলায় অবস্থিত এই মন্দিরটি ধ্বংসের দেবতা শিবের মন্দির হিসেবে সুপরিচিত। গত জুনে উত্তরখণ্ডে ব্যাপক বন্যা ও ভূমিধসে চার হাজারেরও বেশি গ্রামের পাশাপাশি মন্দিরটিও ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সরকার বলছে, বন্যা পরবর্তী সময়ে ৫১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ হাজার ৭শ’র বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। বন্যায় কেদারানাথ মন্দিরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পার্শ্ববর্তী উপত্যকায় মৃত্যু ও ধ্বংসের চিহ্ন রেখে যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, চারপাশে ভাঙ্গা দরজা-জানালা, পাথর ও ধ্বংসাবশেষ থাকা সত্ত্বেও বন্যার পর গত বুধবার প্রথমবারের মতো মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। অষ্টম শতাব্দীর এই মন্দিরটি চোরবারি হিমবাহের কাছে হিমালয় পর্বতের একটি উঁচু স্থানে অবস্থিত। নিকটস্থ রাস্তা থেকে ১৪ কিলোটিমার দুর্গম পথ পেরিয়ে সেখানে যেতে হয়।