বরিশালে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
মাদক ব্যবসায়ের দায়ে বেবি বেগম (৪০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। তাকে একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বিচারক মতিয়ার রহমানের আদালতে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বেবি বেগমের বাসায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। এসময় বেবিকে আটক করে তার বাসায় থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করা হয়। মামলার ১০ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এ রায় দেন।