শ্রমিকদের মারধরের প্রতিবাদ
রাজশাহীতে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে ঠিকাদার
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
রাজশাহী মহানগরীতে তিনদিন ধরে বাসা-বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সংযোগের কার্যক্রম বন্ধ রয়েছে। গ্যাস সংযোগে নিয়োজিত শ্রমিকদের মারপিট এবং প্রকল্প ব্যবস্থাপককে প্রাণনাশের হুমকির অভিযোগে কার্যক্রম বন্ধ রেখেছে রাইজার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসেস।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীসূত্র জানায়, গত রবিবার নগরীর কাজিহাটার ডিবি কার্যালয়ের গলিতে এক বাড়িতে গ্যাস সংযোগের কাজ করছিলেন রাইজার ঠিকাদারের শ্রমিকরা। এ সময় আরেক ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সুজনুর রহমান সুজন পরিচয়ে শ্রমিকদের ঐ এলাকার একটি বাসায় গ্যাস সংযোগ দেয়ার জন্য চাপ দেন। কিন্তু শ্রমিকরা রাজি না হওয়ায় সুজন তাদের মারধর করেন। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হলে বাদী প্রকল্প ব্যবস্থাপককে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে রবিবার থেকেই বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রাখে তারা।