ভবন ধসের আশঙ্কা
ঝুঁকিতে রাজশাহীর মিশন গার্লস স্কুলের শিক্ষার্থীরা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
ভবন ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিতে ক্লাস করছে রাজশাহী মহানগরীর মিশন গার্লস স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের দ্বিতল ভবন পরিত্যক্ত ঘোষণা সত্ত্বেও শিক্ষার্থীরা সেখানে ক্লাস করতে বাধ্য হচ্ছে। জানা গেছে, স্কুল ভবনটির পূর্ব-উত্তর কোণে সিঁড়ি ঘরের দেয়ালে একাধিক ফাটলের সৃষ্টি হয়েছে। দোতলার ছাদের নিচের কংক্রিট ও প্লাস্টার খুলে পড়ছে এবং ছাদের রড মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। সেইসঙ্গে দোতলার মেঝেতে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। আশঙ্কা করা হচ্ছে ভবনটি যে কোন সময় ধসে পড়ে সাভারের রানা প্লাজার মত ট্র্যাজেডির সৃষ্টি হতে পারে। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আমানুল্লাহ সরকার বলেন, ছাত্রীদের নিরাপত্তার বিবেচনায় গত ২৪ আগস্ট ম্যানেজিং কমিটির এক সভায় ভবনটিতে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
প্রধান শিক্ষিকা মারিয়া অলকা মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিত্যক্ত ভবনটি লাইব্রেরী ও গোডাউন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। লাইব্রেরী হিসেবে ব্যবহারেও ছাত্রীদের ঝুঁকি থেকেই যাচ্ছে। ছাত্রীদের শিক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সংকট সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।