রিয়ালের হয়ে মাঠে নামতে প্রস্তুত বেল
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
গ্যারেথ বেল জানিয়েছেন, নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে তর সইছে না তার। ধারণা করা হচ্ছে আগামী শনিবার ভিলারিয়ালের বিরুদ্ধে রিয়ালের পরবর্তী লিগ ম্যাচেই সাদা জার্সি গায়ে অভিষেক হতে পারে এই ওয়েলশ তারকার। অবশ্য ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে মাত্রই রিয়াল মাদ্রিদে যোগ দেয়া বেলকে এত দ্রুত মাঠে নামানোটা বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তার জাতীয় দলের কোচ ক্রিস কোলম্যান।
সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে কার্ডিফ থেকে মাদ্রিদে পৌঁছেই রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তির শরণাপন্ন হন বেল। রিয়ালের বিখ্যাত সাদা জার্সি গায়ে মাঠে নামতে উদগ্রীব জানিয়ে তিনি অ্যানচেলোত্তিকে বলেন, ‘(মাঠে) আপনার যে কোন নির্দেশ মানতেই আমি প্রস্তুত। শুরু করার জন্য আমি একেবারেই প্রস্তুত। আমি দারুণ শিহরিত এবং (ভালো কিছু করতে) আমার অনুপ্রেরণারও কমতি নেই।’
অবশ্য ভিলারিয়ালের বিরুদ্ধেই বেলের রিয়াল যাত্রা শুরু হচ্ছে কিনা সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফিটনেস ঘাটতি পূরণ করতে পারলেই কেবল সেটা সম্ভব হবে। তবে বেল এই মুহূর্তে ম্যাচ খেলার মতো ফিট নেই বলেই মনে করছেন ওয়েলস জাতীয় দলের ম্যানেজার কোলম্যান। রিয়ালকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘এই সপ্তাহে যদি বেল মাঠে নামেও, সে ম্যাচ শেষ করতে পারবে না। সে যদি সেটা করতে পারে তাহলে আমি সত্যিই চমকে যাব। কারণ আমরা তাকে গত ১০ দিন ধরে পর্যবেক্ষণ করছি। আমাকে বলতেই হচ্ছে, সে ৯০ মিনিট মাঠে কাটানোর মতো অবস্থায় নেই। আমি জানি স্প্যানিশ ফুটবল (তুলনামূলকভাবে) অনেক ধীর। তবে আশঙ্কাটা থেকেই যাচ্ছে।’
তাকে নিয়ে সৃষ্ট ট্রান্সফার নাটকের কারণেই হয়তো, গত দুই মাসে অনুশীলনে যথেষ্ট সময় দিতে পারেননি বেল। আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন কোলম্যান, ‘আমি নিশ্চিত নই, তবে সে আমাদের সাথে তিন-চারটি ট্রেনিং সেশন কাটিয়েছে। আর দুই মাসে মাত্র চারটি ট্রেনিং সেশন শেষে মাঠে নামাটা সত্যিই বিপজ্জনক।’ উল্লেখ্য, সার্বিয়ার বিপক্ষে ঐ ম্যাচেও শেষ ৩৫ মিনিট মাঠে ছিলেন বেল।
কোলম্যানের ভাবনা যেখানে বেলের ফিটনেস নিয়ে, সেখানে প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচের আশঙ্কা, প্রত্যাশার চাপই বেলকে বেশি ভোগাবে। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে বেলকে সতর্ক করে এই সুইডীশ বলেন, ‘তার সতর্কতার সাথে ভাবা উচিত যে সে কি চায়। রেকর্ড এক হাজার কোটি টাকায় ট্রান্সফার মৌসুমের শেষ মুহূর্তে টটেনহ্যাম থেকে রিয়ালে যোগ দেয়া এই ২৪ বছর বয়সীকে নিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘তার উপর দারুণ চাপ থাকবে সন্দেহ নেই। আমারও একটা স্বপ্ন ছিল বার্সেলোনায় আসার। তবে পরে আমার মনে হয়েছে, কিছু স্বপ্ন স্বপ্নই থাকা উচিত। সেগুলো পূরণ না হলেই বরং ভালো!’
পাঁচ কোটি ৬০ লাখ পাউন্ডে ইন্টার মিলান থেকে কাতালানদের সঙ্গে যোগ দেয়ার মাত্র এক বছর পরেই ক্লাব ছাড়েন ইব্রা।
তবে এই মুহূর্তে নতুন ক্লাবের অন্তত একজনকে পাশে পাচ্ছেন বেল, ক্লাবের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্তত দু’জনের হাস্যোজ্জ্বল ছবি বলছে বেলের সঙ্গে খেলাটা হয়তো উপভোগই করবেন রোনালদো। বেলের প্রথম অনুশীলন সেশনের আগে তাকে সান্তিয়াগো উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছেন এই পর্তুগীজ।
‘তার উপর দারুণ চাপ থাকবে সন্দেহ নেই। আমারও একটা স্বপ্ন ছিল বার্সেলোনায় আসার। তবে পরে আমার মনে হয়েছে, কিছু স্বপ্ন স্বপ্নই থাকা উচিত। সেগুলো পূরণ না হলেই বরং ভালো!’
ইব্রাহিমোভিচ