আগৈলঝাড়ায় ১০ লাখ টাকা নিয়ে এনজিও পরিচালক উধাও
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
আগৈলঝাড়ায় আইভিডিএফ নামক একটি বেসরকারি সংস্থার পরিচালক ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে উধাও হয়েছে। সংস্থার প্রতারিত শত শত সদস্য গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। এসময় ঐ সংস্থার ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখা হয়।
উপজেলার বাকাল গ্রামের ১নং ব্রীজ সংলগ্ন লুথারান হেল্থ কেয়ার বাংলাদেশ নামের একটি সংস্থা ২০০৭ সাল থেকে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে আইভিডিএফ নাম দিয়ে ঐ সংস্থাটি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঋণ প্রদানের আশ্বাস দিয়ে সমিতি গঠন করে সঞ্চয়ী আমানত সংগ্রহ করতে থাকে।
প্রায় ১৫শ’ সদস্যের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা আমানত সংগ্রহ করে সংস্থার পরিচালক মিঃ নরম্যান লোডিক্স উধাও হয়ে যায়। তার বাড়ি নোয়াখালী জেলায় বলে স্থানীয়রা জানান। সংস্থার পরিচালক উধাও হওয়ার খবর পেয়ে সদস্যদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে গত ৭ সেপ্টেম্বর ম্যানেজার আবুল হাসানাতকে গ্রেফতার করে পুলিশ। তিনি জামিনে ছাড়া পেয়ে এলাকায় গেলে সদস্যরা বিক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধরা সংস্থার পরিচালক নরম্যান লোডিক্সের বিরুদ্ধে ইউএনও’র নিকট লিখিত অভিযোগ দেন। এসময় ম্যানেজার আবুল হাসানাতকে সেখানে পেয়ে সদস্যরা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।