পানিতে ডুবে ছয় জনের প্রাণহানি

কুমিল্লার চান্দিনা, ময়মনসিংহের ফুলবাড়িয়া, কুড়িগ্রামের উলিপুরসহ বিভিন্ন স্থানে পানিতে ডুবে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার চান্দিনায় গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে সায়েম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ডের ছায়কোট গ্রামের আব্দুল করিমের ছেলে। পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামে গত বুধবার দুপুরে পানিতে ডুবে শরীয়ত উল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কালনাজানি গ্রামের মকবুল হোসেনের একমাত্র ছেলে। নানীর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে গত বুধবার পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে ডালিমেরপাড় গ্রামের লাল মিয়ার পুত্র মজনু (৭) ও রফিকুল ইসলামের পুত্র মাশিকুর (৭)। পুকুর থেকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে চিকিত্সক তাদেরকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় পঞ্চগড়ের বোদায় পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হচ্ছে গিদালপাড়া গ্রামের খলিলের পুত্র নাইম (৭) ও কাদেরের পুত্র মাহিন (৬)। বাড়ির পাশে শাপলা তুলতে গিয়ে নাইম পুকুরে ডুবে গেলে উদ্ধার করতে গিয়ে মাহিনও ডুবে মারা যায়।