কেশবপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

কেশবপুরে বুধবার রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ঐসব পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। জানা গেছে, গভীর রাতে ২০/২৫ জনের সশস্ত্র ডাকাতদল উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের দেবব্রত ঘোষ, বিষ্ণুপদ ঘোষ ও নন্দদুলাল বসুর বাড়ির গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা এসময় দেবব্রত ঘোষের বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, বিষ্ণু পদ ঘোষের বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। নন্দ দুলালের বাড়িতে হানা দিলে বাড়ির লোকজনের চিত্কারে গ্রামবাসী এগিয়ে আসায় ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতদের মুখে মুখোশ ও হাতে অস্ত্র ছিলো। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুত্ফর রহমান জানান, অভিযোগ দিলে মামলা নেয়া হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন ঘোষ মন্টু প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।