নবীনগরে জাতীয় পার্টি প্রার্থীদের গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মাঠ গোছাতে শুরু করেছেন জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়ন প্রত্যাশীরা। এরই মধ্যে তারা রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও ব্যক্তিগত অনুষ্ঠানে এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় ও গণসংযোগের মধ্য দিয়ে নিজেদের আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আগাম বার্তা দিচ্ছেন। বিভিন্ন জাতীয় কিংবা ধর্মীয় দিবসে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ডে শুভেচ্ছার মাধ্যমে প্রার্থিতার কথা জানানো হচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন জাপার কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মোবারক হোসেন দুলু এবং কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক কাজী মামুন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন মৃধা বলেন,এ আসনের জনগণ সবসময় জাতীয় পার্টির পক্ষে। জাপা থেকে কাজী মোঃ আনোয়ার হোসেন ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। উপজেলার সাবেক সভাপতি আবদুল্লা মাস্টার, পৌর জাপার সভাপতি মোঃ আবু জাহের, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুব-সংহতির নেতা মোয়াজ্জেম বলেন আমাদের মধ্যে কোন বিরোধ নেই। সবাই মিলে এক সঙ্গে কাজ করলে নাঙ্গলের বিজয় নিশ্চিত।