তথ্যপ্রযুক্তি আইনের পুরনো এক মামলায় গ্রেফতার লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদ জামিন পেয়েছেন।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন বৃহস্পতিবার পাঁচশ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
ইমতিয়াজ মাহমুদের পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি ও সাখাওয়াত হোসেন তাসলিম। রাষ্ট্রপক্ষে নজরুল ইসলাম শামীম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালতে পেশকার শামীম আল মামুন জানান।
শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ২০১৭ সালে খাগড়াছড়ি সদর থানায় ইমতিয়াজের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার এ মামলা করেন। তার অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেসবুকে আইনজীবী ইমতিয়াজ ‘উসকানিমূলক’ মন্তব্য করেছেন।
সে সময় এ মামলায় গ্রেফতার হলেও পরে সুপ্রিম কোর্ট থেকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পান ইমতিয়াজ।
বুধবার সকালে ঢাকার বনানীর বাসা থেকে আবার তাকে গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, খাগড়াছড়ি থেকে আসা একটি ওয়ারেন্টে ইমতিয়াজকে গ্রেফতার করা হয়েছে।