হঠাত্ মাশরাফি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
এই ম্যাচ খেলার কথা ছিল না তার। অন্তত ক্লাব কর্মকর্তারা তেমনটাই বলেছিলেন। কিন্তু মাশরাফি বিন মুর্তজা কী আর সাধারণ নিয়মে পড়েন! তাই ম্যাচের আগের দিন বিকেলে টিম মিটিংয়ে জানিয়ে দেন, তিনি খেলছেন। ফলটাও পেয়েছে মোহামেডান। দীর্ঘ ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমেই ৭ ওভার বল করে ২ মেডেনসহ ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ক্যামব্যাক হিসেবে বেশ সন্তোষজনক পারফরম্যান্সই বটে।
মাশরাফি নিজেই সন্তুষ্টির কথা বলেছেন, ‘প্রথমটা একটু কষ্ট হয়েছে। তারপর দ্রুত মানিয়ে নিয়েছি। যা বল করতে পেরেছি, সন্তুষ্টই বলতে পারেন। কোনো সমস্যা হয়নি।’
এই ম্যাচ থেকে দুটি উইকেটের পাশাপাশি মাশরাফি যেটা পেয়েছেন, সেটা হল আত্মবিশ্বাস, ‘ম্যাচটা খেলে ফেলায় বেশ ভালো লাগছে। সবকিছু ঠিক থাকলে পরের ম্যাচগুলোতেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’