জেলায় জেলা নির্বাচনী প্রস্তুতি

দিনাজপুরে মাঠে সক্রিয় মনোনয়ন প্রত্যাশীরা

আগামী দশম জাতীয় সংসদকে সামনে রেখে দিনাজপুরের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। জেলায় রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়ে উঠেছে। সেই সাথে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম-গঞ্জে চলছে প্রচার-প্রচারণা, রঙিন পোস্টার-ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ স্থান। ৮ম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ৬টি আসনের মধ্যে ৫টিই বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় ঐক্যজোটের দখলে ছিল। কেবল একটি দিনাজপুর-৫ আসনে বর্তমান ভূমিপ্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জিতেছিলেন। ৯ম জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনই আওয়ামী লীগের দখলে আছে। তবে এবার বিএনপি ও ১৮ দলীয় জোট মরিয়া হয়ে উঠেছে তাদের হারানো অবস্থান ফিরে পাওয়ার জন্য। দিনাজপুরের ৬টি আসনে কে কি অবস্থানে থাকবেন তা সঠিকভাবে বলা অনিশ্চিত হয়ে পড়েছে। বিভিন্ন মহল ও সূত্র থেকে এমন ধারণা পাওয়া গেছে। দিনাজপুর-১ আসন (বীরগঞ্জ-কাহারোল)ঃ বর্তমান এমপি মনোরঞ্জনশীল গোপাল। আওয়ামী লীগের এ প্রার্থী গত নির্বাচনে স্বতন্ত্র হিসেবে জয়ী হন। আগামী নির্বাচনেও তিনি এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন বলে দলের বেশিরভাগ নেতা-কর্মীই মনে করেন। আওয়ামী লীগ থেকে বীরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জাকা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোপেশ চন্দ্র, বিএনপি থেকে সাবেক এমপি রেজা হোসেন, জাপা (এরশাদ) থেকে অধ্যক্ষ রফিকুল ইসলাম মনোনয়ন চাইবেন। এছাড়া জামায়াত থেকে বর্তমান বীরগঞ্জ পৌরসভার মেয়র এম এ হানিফ মনোনয়ন চাইবেন। আসনটিতে বর্তমান ভোটার ৩ লাখ ৭ হাজার ২৮৬। দিনাজপুর-২ আসন (বোচাগঞ্জ-বিরল)ঃ এ আসনের বর্তমান সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। তিনি সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রউফ চৌধুরীর পুত্র। খালিদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে তার সমর্থকদের ধারণা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায়ও মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। জাপা (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী জীবন, বিএনপি থেকে স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান ও সাবেক এমপি লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান মনোনয়ন চাইবেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৬০৬। দিনাজপুর-৩ (সদর)ঃ এ আসনটি কেবল সদর উপজেলা নিয়ে গঠিত। এ আসনের বর্তমান সংসদ সদস্য ইকবালুর রহিম। আগামীতেও তিনি এ আসনের জন্য মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া এ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক, সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিএনপি থেকে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের পুত্র শাহরিয়ার আখতার হক ডেল অথবা শরিক দলের জাগপা প্রধান সফিউল আলম প্রধান মনোনয়ন চাইতে পারেন। এ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৮৭১। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)ঃ এ আসনটির বর্তমান সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন। ইতিপূর্বে আওয়ামী লীগের সাবেক হুইপ মিজানুর রহমান মানু মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। অপরদিকে বিএনপি থেকে সাবেক এমপি আখতারুল আলম ও শিল্পপতি হাফিজুর রহমান মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে। এছাড়া জামায়াত থেকে বর্তমান চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা মনোনয়ন চাইবেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৫৯১। দিনাজপুর-৫ (ফুলবাড়ি-পার্বতীপুর)ঃ এ আসনের বর্তমান সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি পর পর ৫ বার নির্বাচিত হয়েছেন। তবে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট শিল্পপতি এ, জেড, এম রেজওয়ানুল হক ও বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সাবেক প্রতিমন্ত্রী হাজী মনছুর আলী সরকার মনোনয়ন চাইবেন। এ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪০৬। দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর)ঃ এ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. আজিজুল হক চৌধুরী। এবারও তিনি মনোনয়ন পাওয়ার চেষ্টা করবেন। তবে এ আসনে তার বিরুদ্ধে লড়বেন আওয়ামী লীগেরই অনেকে। এদের একজন হলেন এ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজুর পুত্র ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক। এছাড়া জাপা (এরশাদ) দেলওয়ার হোসেন, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম মনোনয়ন চাইবেন। বর্তমানে এ আসনে ভোটার আছেন ৪ লাখ ১৭ হাজার ৮১০।