সাভারে রানা প্লাজা ধস
এক মামলায় জামিন পেলেন রানার পিতা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০২
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনে দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানার পিতা মো. আব্দুল খালেক ওরফে খালেক কুলু। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। তবে ঐ ঘটনায় অবহেলাজনিত কারণে হাজার পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত অপর মামলায় আদালত জামিন না দিয়ে আবেদনটি ফেরত দিয়েছে।
বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি কাশিফা হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। এছাড়া আবেদনকারীকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়। তবে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান।
দুটি মামলাতেই জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেক। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. নাজমূল হুদা। জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট এমকে রহমান ও ডেপুটি এটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল।
গত ২৪ এপ্রিল সাভারে নয়তলা বিশিষ্ট রানা প্লাজা ধসে মারা যায় ১ হাজার ১৩২ জন শ্রমিক। আর আহত হন ২ হাজার ৪৩৯ জন। এ ঘটনায় রাজউকের অথরাইজ্ড অফিসার মো. হেলাল আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার পরদিন অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সাভারের মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন এসআই ওয়ালি আশরাফ খান।