ইবিতে আবারো আন্দোলনে শিক্ষকরা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০২
শিক্ষকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে আবারো আন্দোলন শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে তারা মানববন্ধন করেন। ৭ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।
জানা যায়, নানা অভিযোগে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে গত বছরের অক্টোবর আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি। গত বছর ২১ নভেম্বর ও ১২ জানুয়ারি আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা করে ছাত্রলীগ। এক বছর অতিবাহিত হলেও জড়িতদের বিচার হয়নি।
প্রফেসর ড. নজিবুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, মোঃ তোজাম্মেল হোসেন, এ কে এম মতিনুর রহমান, সিদ্দিকুর রহমান আশকারী, জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ড. শহিদুল ইসলাম নূরী, ড. মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার বলেন, দুটি তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।