বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা’র হত্যাকারী রাসেল সরদারকে গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া গ্রেফতারের খবর নিশ্চিত করে ইত্তেফাককে জানান, চট্টগ্রামের বন্দর থানাধীন কচি দিঘী এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। রাতে গ্রেফতারকৃত রাসেলকে নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা দেয়ার কথা জানিয়েছেন এডিসি আতিকুর রহমান মিয়া। রাসেলের গ্রেফতারের খবরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ব্রাউন কম্পাউন্ড এলাকায় সাওদাকে কুপিয়ে হত্যা করে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল। প্রেমের সম্পর্কের অবনতি হওয়ায় প্রেমিক রাসেল ধারালো অস্ত্র দিয়ে সাওদাকে হত্যা করে।