গ্যাসের দাবিতে সিলেটে ৩ উপজেলায় হরতাল পালন

গ্যাস সংযোগের দাবিতে জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট এই তিন উপজেলায় গতকাল বৃহসপতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জৈন্তা জন দাবি পরিষদ। হরতালের কারণে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ থাকে। তামাবিল স্থলবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়। এছাড়া মালামাল খালাস ও পরিবহনে বিঘ্ন ঘটে। অনেক পর্যটক জাফলং যাওয়ার পথে আটকা পড়েন। উপজেলার হরিপুরে বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয় অর্ধশতাব্দী আগে। কিন্তু পার্শ্ববর্তী জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট এই তিন উপজেলায় আজও গ্যাস সরবরাহ হয়নি। গতকাল বিকালে জৈন্তা জন দাবি পরিষদের উদ্যোগে এক সমাবেশে আহবায়ক এ্যাডভোকেট নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। সোহেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন নিজপাট ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক মানিক, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মাওলানা সাদ উদ্দিন, পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন দিলু, ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন লিপু প্রমুখ।