রাজশাহীতে প্রেমিকার আত্মহত্যার খবরে ঢাকায় প্রেমিকেরও আত্মহত্যা

রাজশাহীতে প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে প্রেমিকও ঢাকায় আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বহরমপুর এলাকায় বেসরকারি ডেন্টাল কলেজের ছাত্রী ফাহমিদা সুলতানা তমা (২২) নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ খবরের ৬ ঘন্টা পর সন্ধ্যায় ঢাকার ভাটারা এলাকার একটি মেসে বেসরকারি ইউআইটিএস ইউনিভার্সিটির ছাত্র মিনহাজ চৌধুরী আত্মহত্যা করেছেন বলে ভাটারা থানা পুলিশ জানিয়েছেন। আমাদের রাজশাহী অফিসের আনিসুজ্জামান জানান, বেসরকারি উদয়ন ডেন্টাল কলেজের শেষ বর্ষের ছাত্রী ফাহমিদা সুলতানা তমার লাশ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। তমার মা নূর মহল বেগম রাজশাহী নার্সিং কলেজের শিক্ষিকা। মা-মেয়ে মহানগরীর বহরমপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। নগরীর রাজপাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তমাকে বাসায় রেখে মা কলেজে যান। এরআগে ঠিকমতো লেখাপড়া না করায় মা মেয়েকে গালমন্দ করেন। সামনের পরীক্ষায় অকৃতকার্য হলে লেখাপড়া বন্ধ করে দেয়ার হুমকি দেন। এতে ক্ষোভ ও অভিমানে তমা আত্মহত্যা করেন। এদিকে, ভাটারা থানা পুলিশ জানায়, তমার সঙ্গে বেসরকারি ইউনিভার্সিটি ইউআইটিএস’র ছাত্র মিনহাজ চৌধুরীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার আত্মহত্যার খবর শুনে নিজেকে ধরে রাখতে পারেননি মিনহাজ। মিনহাজ চৌধুরী ভাটারার খিলবাড়ির টেকের ১০৭৯ নম্বর বাসার মেসে থাকতেন। মিনহাজের সহপাঠীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মিনহাজ আরেক সহপাঠী মীমকে মোবাইল ফোনে জানায়, তার বান্ধবী আত্মহত্যা করেছে। সন্ধ্যায় তার মেসের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায় তারা। পরে বাড়ির মালিকের কাছ থেকে বিকল্প চাবি নিয়ে দরজা খুলে দেখতে পায় যে মিনহাজ ফ্যানে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মিনহাজ ও তমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে হলেও উভয় পরিবার রাজশাহীতে থাকে।