চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গার কাজ শুরু

চট্টগ্রাম মহানগরীতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৬৪টি ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলার কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর সদরঘাট থানাধীন আলকরণ এলাকায় বড়ুয়া ভবন ভাঙার কাজ শুরু হয়। বড়ুয়া ভবনের মালিককে তার ভবনটি ভেঙে ফেলার জন্য তিন মাস আগে নোটিস দেয়া হলেও তিনি নোটিসটি আমলে নেননি। সর্বশেষ গত সোমবার তাকে চূড়ান্ত নোটিস দিয়ে একদিনের মধ্যে ভবনটি খালি করতে বলার পর বৃহস্পতিবার সকাল থেকে সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের উপস্থিতিতে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিদারুর রহমান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চসিকের উদ্যোগে আগামী সপ্তাহে নগরীর সিরাজউদ্দৌলা রোডে হেলে পড়া পেশকার ভবন ভাঙা হবে। ইতিমধ্যে ওই ভবনের বাসিন্দাদের তুলে দেয়ার জন্য ভবন মালিককে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নগরীর কেসিদে রোডে সিনেমা প্যালেস ভবন ও লালদীঘি এলাকায় ১৭০ বছরের প্রাচীন তিনটি ঝুঁকিপূর্ণ ভবন স্বউদ্যোগে ভেঙে ফেলার জন্য ভবন মালিককে নোটিস দেয়া হয়েছে। ভবন মালিকরা এতে অনীহা দেখালে চসিকের উদ্যোগে অবিলম্বে এসব ভবন ভেঙে ফেলা হবে। পরে ভবন মালিকের কাছ থেকে ভেঙে ফেলার খরচ আদায় করা হবে বলে সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ইত্তেফাককে জানান। চট্টগ্রাম মহানগরীর ৬৪টি ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ২০০৬ সালে একটি তালিকা প্রস্তুত করে চট্টগ্রাম সিটি করপোরেশন।